রাজনৈতিক অসম্প্রীতিই জঙ্গিবাদের কারণ

বিডি নিউজ ৬৪: রাজনৈতিক সম্প্রীতি না থাকার কারণেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছে ন্যাপ ভাসানীর নেতারা।

ফ্রান্সের জাতীয় দিবসে ট্রাকচাপায় ৮৪ জন নাগরিক হত্যা এবং হলি আর্টিসান রেস্টুরেন্টে ১৭ জন বিদেশি হত্যার ঘটনায় প্রতিবাদ ও শোক জানিয়ে দলটির নেতারা বলেন, ‘আজকে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তোরণে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।’

রোববার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী আয়োজিত এক মানববন্ধনে থেকে দলটির নেতারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ‘কিছু সংখ্যক লোক ধর্মীয় গোড়ামি, অন্ধত্ব ও সম্রাজ্য বিস্তারের উন্মাদনায় ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্ব স্ব দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায়। গোটা বিশ্বকে অশান্ত ও অস্থিতিশীল করে রাখতে চায়। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে আজ বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে মাওলানা ভাসানীর দর্শনকে অনুসরণ করতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একদিকে যেমন গণতন্ত্রের শত্রু, অপরদিকে জাতীয় উন্নয়নের দুশমন। সন্ত্রাসবাদ টিকে থাকলে দেশে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগ বাধাপ্রাপ্ত হবে। আমাদের দেশের জনগণ দারিদ্র্য ও বেকারত্বের কবলে চরমভাবে নিমজ্জিত হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাগো বাঙ্গালির সভাপতি মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, কাজী আরিফ ফাউন্ডেশনেরর সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণসংগ্রাম পার্টির সভাপতি মোহাম্মদ মাসুম ও ডেমোক্রেটিক পিপলস পার্টির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *