তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫

বিডি নিউজ ৬৪: তুরস্কে শুক্রবার রাতে বিদ্রোহী সেনা সদস্যদের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে জনতা ও সরকারপন্থি সেনা সদস্যরা। তবে এ সংক্রান্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৬৫তে গিয়ে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ।

শনিবার স্থানীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত এক বিবৃতিতে তুরস্কের নতুন সেনাপ্রধান জেনারেল উমিত দুনদার বলেছেন, অভ্যুত্থান সংক্রান্ত সংঘর্ষে কমপক্ষে ২৬৫ জনের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে ১শ জনের বেশি বিদ্রোহী সেনা। বাকি ১৬১ জন পুলিশ ও সাধারণ মানুষ। এ ঘটনায় আহত হয়েছে আরো দেড় হাজারের মত মানুষ।

সেনাপ্রধান উমিত দুনদার আরো বলেছেন, বিমান বাহিনী, সামরিক পুলিশ ও গোলন্দাজ দলের একাংশ ওই ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল।

এদিকে তুর্কি প্রধানমন্ত্রী বেনালি ইলদ্রিম শনিবার বিকেলে এক ঘোষণায় বলেন, অভ্যুত্থানের চেষ্টা চালানোর দায়ে এ পর্যন্ত ২৮শ সেনা সদস্যকে আটক করা হয়েছে। তিনি বিদ্রোহী সেনাদের ওই প্রচেষ্টাকে ‘তুরস্কের গণতন্ত্রের জন্য কালো অধ্যায়’ হিসেবেও উল্লেখ করেছেন। এর আগে শুক্রবারের ওই প্রচেষ্টা অভ্যুত্থানটি ব্যর্থ হয়ে যাওয়ার পর শনিবার সকালে এর সঙ্গে জড়িত প্রায় ৫০ সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।

এছাড়া সাম্প্রতিক গোলযোগের পর পাঁচ জেনারেল ও ২৯ কর্নেলকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যুত্থান পরিকল্পনাকারী হিসেবে সেনাবাহিনীর তৃতীয় ডিভিশনের কমান্ডার জেনারেল এরদাল ওজতুর্ককে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *