গণতন্ত্রের সমর্থনে তুরস্কের রাস্তায় লাখো মানুষের ঢল

বিডি নিউজ ৬৪: তুরস্কে বিপথগামী কিছু সেনা সদস্যের ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশের গণতান্ত্রিক সরকারকে সমর্থন জানাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা পতাকা দুলিয়ে আর নেচে গেয়ে এরদোয়ান সরকারের প্রতি আস্থা প্রকাশ করে। এর আগে প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে সাহসী লোকজন বাইরে বেরিয়ে আসার কারণে ব্যর্থ হয়ে যায় অভ্যুত্থান।

শুক্রবারের ওই ঘটনায় এ পর্যন্ত ২৬৫ জন নিহত এবং দেড় হাজার আহত হয়েছে। এছাড়া ৩ হাজার সেনা সদস্যকে আটক করা হয়েছে। সরকারের ক্ষমতা বাড়াতে ২৭শ বিচারককে বরখাস্ত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

শনিবার সন্ধ্যা নামার সাথে সাথে ইস্তানবুলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। তাদের বক্তব্য একটাই, কিছুতেই দেশ কিংবা গণতন্ত্র সামরিক সদস্যদের হস্তগত হতে দেয়া যাবে না।

রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। তিনি সামরিক অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্রের জন্য নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে অভিযুক্ত করেন এবং তাকে তুরস্কের কাছে প্রত্যার্পণ করতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত বন্ধু রাষ্ট্র, সুতরাং তারা নিশ্চয়ই পেনসিলভানিয়া থেকে তাকে তুরস্কের কাছে হস্তান্তর করবে।’ তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, আবারও বিদ্রোহের চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকেই সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের সরকার। তার ডাকে সাড়া দিতেই শনিবার রাস্তায় নেমে আসে অগণিত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *