বিডি নিউজ ৬৪: ক্রিস ওকস টেস্টের তৃতীয় দিন পর্যন্ত যা করেছেন তাতে লর্ডস টেস্ট ওকসের বললে বাড়িয়ে বলা হবে না। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তারপরও দিন শেষে খুব একটা অস্বস্তিতে নেই পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তারা ৭৭ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২১৪ রান। ফলে ২৮১ রানের লিড পেয়েছে পাকিস্তান। ক্রিজে আছেন লেগ স্পিনার ইয়াসির শাহ ৩০ ও মোহাম্মদ আমির শূন্য রান নিয়ে। এখন দেখার বিষয় চতুর্থ দিনে বাকি ২ উইকেট নিয়ে পাকিস্তান লিডটা কতটা বাড়িয়ে নিতে পারে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কায় খায় পাকিস্তান মোহাম্মদ হাফিজকে হারিয়ে। পাকিস্তান ওপেনারকে রানের খাতাই খুলতে দেননি স্টুয়ার্ট ব্রড। এদিন শান মাসুদ ও আজহার আলী দুজনই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন। মাসুদ ৫০ বলে ২৪ ও আজহার ৭৫ বলে ২৩ রান করেন।
প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া আসাদ শফিক দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন। ৯৬ বলে আট চারের সাহায্যে তিনি ৪৯ রান করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। ৬৮ বলে খেলা তার এই ইনিংসে ছিল তিনটি চার। তবে পাকিস্তানকে লিড বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ইয়াসির। তৃতীয় দিনশেষে তিনি ৫৭ বল খেলে ৩০ রানে অপরাজিত আছেন।
আগের ইনিংসে ৭০ রানে ৬ উইকেট পাওয়া ওকস দ্বিতীয় ইনিংসেও একাই পাকিস্তানকে নড়বড়ে করে দিয়েছেন। তিনি ৩১ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। ৪৯ রানে ২ উইকেট পেয়েছেন মঈন আলী।
এরআগে ৭ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। কিন্তু ১৯ রান যোগ করে ২৭২ রান যোগ করে অলআউট হয় ইংলিশরা। বোলিংয়ের মতো ব্যাট হাতেও নিজেকে চিনিয়েছেন ওকস। ৯৬ বলে চার বাউন্ডারীর সাহায্যে তিনি অপরাজিত ছিলেন ৩৫ রানে। আগের দিন ৫ উইকেট পাওয়া ইয়াসির আর এক উইকেট তুলে নিয়ে ৭২ রানে ৬ উইকেট পকেটে তোলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল