বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও উগ্রবাদ দমনে কর্মসূচির ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় ঐক্য যদি গঠন না হয়, তাহলে দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে যা কিছু করা সম্ভব বিএনপি তাই করবে। সবকিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসন নিজে কর্মসূচি ঘোষণা করবেন।’
শনিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, তা দেশে-বিদেশে খুবই প্রশংসিত হয়েছে। কিন্তু বেগম জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ সরকার চেয়ারপারসনসহ বিএনপির বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করে প্রকৃতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের কিছু মন্ত্রী-এমপি এখনো এ নিয়ে ব্লেইম গেম খেলছে।’
সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে খালেদা জিয়া আহূত জাতীয় ঐক্য গঠনের কাজ কোন পর্যায়ে রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, ‘কাজ এগিয়ে চলছে এবং সেটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেশনেত্রীর (খালেদা জিয়া) আলোচনা হয়েছে। বিএনপির সিনিয়র নেতারা আলোচনা করেছেন। ২০ দলীয় জোট নেতাদের নিয়েও আলোচনা হয়েছে। সবাই মিলে দেশনেত্রীকে দায়িত্ব দিয়েছেন। তিনি প্রয়োজন মনে করলে আরো পরামর্শ করবেন। তারপর সবকিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসন নিজে এই বিষয়ে কর্মসূচি ঘোষণা করবেন।’
এ সময় নজরুল ইসলাম খান সম্প্রতি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবার, ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল