তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২

বিডি নিউজ ৬৪: তুরস্কের সামরিক অভ্যুত্থানের চেষ্টার সময় এ পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে। রাজধানী আঙ্কারার বাইরে এখনো সরকারের পক্ষ বিপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। তবে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের খবরকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। গোলযোগের খবর পেয়ে শুক্রবার রাতেই ইস্তাম্বুল ফিরে এসেছেন তিনি।

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয় শুক্রবার রাতে। ইস্তাম্বুল ও আঙ্কারায় শুক্রবার রাত থেকেই জঙ্গিবিমানের ওড়াউড়ি শুরু হয়েছে। এদেরই একটি আঙ্কারার বাইরে পুলিশের বিশেষ বাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ১৭ তুর্কি সেনা নিহত হয়। তবে সামরিক সংঘর্ষে এখন পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর মিলেছে। এদের বেশিরভাগই সাধারণ মানুষ।

পরিস্থিতি কাদের নিয়ন্ত্রণে শেষ খবর পাওয়া পর্যন্ত তা বোঝা যাচ্ছেনা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। তিনি সামরিক অভ্যুত্থানের খবর নাকচ করে দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট দলের (একেপি) সমর্থকদের বাইরে বেরিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। অভ্যুত্থানের খবর প্রকাশিত হওয়ার পর তিনি রাতেই ইস্তাম্বুলে উড়ে আসেন। প্রেসিডেন্ট এই অভ্যুত্থানের চেষ্টাকে ‘বিশ্বাসঘাতকদের কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছিলেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি আরো জানান, সেনা বিদ্রোহে জড়িত থাকায় এ পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভ্যুত্থান প্রচেষ্টায় ব্যবহৃত হেলিকপ্টরগুলোকে গুলি করে ভূপতিত করারও নির্দেশ দিয়েছেন। তবে ওই গোলযোগের পর সেনাবাহিনীর চিফ অব স্টাফ কোথায় আছে তার কোনো খবর মেলেনি। এছাড়া তুরস্কের প্রধান প্রধান শহর থেকে শনিবার সকালেও গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে এএফপির এক আলোকচিত্রী ইস্তাম্বুলে সেনাদের প্রকাশ্যে গুলিবর্ষণ করতে দেখেছেন বলে দাবি করেছেন। সরকারি টিভি চ্যানেল আনাদোলুর খবরে বলা হয়েছে আঙ্কারায় পার্লামেন্ট ভবনেও বোমা বিস্ফোরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *