গেইলের চেয়ে কম নন মুশফিক

বিডি নিউজ ৬৪: ক্রিস গেইলের সঙ্গে মুশফিকুর রহিমের তুলনা! তাও আবার মারকুটে ব্যাটসম্যান হিসেবে? এটা করলে অনেকেই হয়তো ভিন্ন মত পোষণ করবেন। পেশি শক্তি ব্যবহার করে অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন গেইল। যেকারণে ক্রিকেট দুনিয়ায় তাকে ‘ক্যারিবিয় দানব’ হিসেবে চেনে। আর সেই গেইলের সঙ্গে মুশফিকের তুলনা করা যায় কি?

হ্যাঁ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন মনে করেন, চার-ছক্কা হাকাঁনোয় গেইলের তুলনায় কোন অংশে কম যান না মুশফিক! জানালেন, আধুনিক ব্যাটের ব্যবহারে ক্রিকেটে এখন পেশি শক্তির ব্যবহার কমে গেছে।

দৈহিক গড়নের দিকে তাকালে অবশ্য গেইলের ধারেকাছেও নেই মুশফিক! বলতে গেলে বিস্তর ফারাক। তবে আধুনিক ক্রিকেটে এই গড়ন তেমন পার্থক্য গড়ে দেয় না। খালেদ মাহমুদ সুজনের ভাষায়, ‘শারীরিক কাঠামোর কারণে ক্রিস গেইল ও মুশফিকুর রহিমের শক্তিতে বেশ ব্যবধান। কিন্তু দুজনই অবলীলায় বল বাউন্ডারি মারছেন। এখানে ব্যাট জোরালো ভূমিকা রাখছে।’

বর্তমানে যে ব্যাট দিয়ে খেলছেন ব্যাটসম্যানরা, তা নিয়ে আপত্তি রয়েছে অনেকেরই। বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ব্যাটের মাপ ও ওজন কমানোর সুপারিশ করছে বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তাদের সঙ্গে সুর মেলালেন সুজনও। বলেন, ‘নতুন যে নিয়মই আসুক না কেন তা ক্রিকেটের সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করেই করা হবে। আমি মনে করি এতে ক্ষতিগ্রস্থ হবে না ব্যাটসম্যানরা।’

ক্রিকেটে অতীত ও বর্তমানের ব্যাট নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের সময়ে ব্যাটে এতো পাওয়ার ছিল না, সুইট স্পটে না লাগলে বল মাঠ পার হতো না। ক্যারিয়ারে বহুবার বাউন্ডারি লাইনে আউট হয়েছি। বর্তমান সময়ে ব্যাটসম্যানরা যেসব ব্যাট দিয়ে খেলছে, সেগুলো পেলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে আউট হওয়ার অনুপাত অনেক কম হতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *