বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের বাহুবলে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার কাজিহাট গ্রামের আমান উল্লাহর ছেলে মানিক মিয়ার সঙ্গে একই গ্রামের মর্ত্তুজ আলীর ছেলে মিলন মিয়ার বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মানিক মিয়ার মা নিল বানুর (৩৫) উপর অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় ওই নারী যন্ত্রণায় চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অ্যাসিডে ওই নারীর দুই পা থেকে কোমর পর্যন্ত ঝলসে গেছে। এখন হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে ওই নারী।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় নিল বানুর স্বামী আমান উল্লাহ জানান, হামলাকারীরা আমার সন্তানের ওপর অ্যাসিড নিক্ষেপ করতে না পেরে স্ত্রীর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ কায়সার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে অ্যাসিড জাতীয় কেমিক্যাল তরল পদার্থ তার উপর নিক্ষেপ করা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বুঝা যাবে অ্যাসিড কী না।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল