লর্ডসে বুড়ো মিসবাহ’র জাদু

 বিডি নিউজ ৬৪: ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও মিসবাহ-উল-হককে মনে হচ্ছে চব্বিশের তরুণ! তার সমসাময়িকরা ব্যাট-প্যাড গুছিয়ে রেখে কেউ কোচিং করাচ্ছেন। নয়তো অন্য পেশায় যুক্ত হয়েছেন। আর মিসবাহ ৪২ বছর ৪৭ দিনেও দিব্যি খেলে যাচ্ছেন। শুধু কী তাই, ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন গত কয়েক বছর ধরেই। সেকারণেই মিসবাহ অবসর নিতে চাইলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ছাড়তে চান না।

লর্ডসে তার প্রমাণ আরো একবার দিলেন পাকিস্তান অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে এরআগে কোনদিন টেস্ট খেলেননি মিসবাহ। বৃহস্পতিবার প্রথমবার টেস্ট খেলতে নেমে লর্ডসে ইতিহাস তৈরি করলেন তিনি। ক্রিকেটের মক্কায় সেঞ্চুরি বিশেষ কিছু। এদিন সেই বিশেষ কিছুই করে ফেললেন মিসবাহ। সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে। মূলত মিসবাহ’র সেঞ্চুরির কল্যাণেই বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান। প্রথম দিন শেষে তারা ৮৭ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তুলেছে ২৮২ রান। ১১০ রান নিয়ে ক্রিজে আছেন মিসবাহ।

লর্ডসে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক। ৩৮ রানে ওপেনার শান মাসুদকে (৭) ফিরিয়ে মিসবাহদের প্রথম ধাক্কা দেন ক্রিস ওকস। সেট হয়েও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ। তাকেও ফিরিয়েছেন ওকস। ৫৯ বলে আট চারের সাহায্যে হাফিজের ব্যাট থেকে এসেছে  ৪০ রান।

এরপর আজহার আলীকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইউনিস খান। কিন্তু আজহার (৭) জ্যাক বলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে ৭৭ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। সেখান থেকে পাকিস্তানকে কক্ষপথে ফেরান ইউনিস-মিসবাহ। এই দুজন চতুর্থ উইকেটে যোগ করেন ৫৭ রান। দলীয় ১৩৪ রানে এই জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। তার আগে ৭৩ বলে ৩৩ রান করেন ইউনিস।

প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা রেখেছেন পাকিস্তানের ভবিষ্যত আসাদ শফিক। তিনি অভিজ্ঞদের মতো মিসবাহকে যোগ্য সঙ্গ দিয়ে পঞ্চম উইকেটে যোগ করেছেন ১৪৮ রান। ২৮২ রানে যখন শফিক ফেরেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১৩০ বলে ৭৩ রান। চার মেরেছেন ১২টি।

৮৫ তম ওভারে শফিককে হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে পড়ে। অবশ্য তার আগেই  ক্যারিয়ারে দশম সেঞ্চুরি তুলে নেন মিসবাহ। তার অদ্ভুত রকমের সেঞ্চুরি উদযাপন লর্ডসের  দর্শকদের যথেষ্ট  আনন্দের খোরাক যুগিয়েছে। সম্ভবত তার বয়স নিয়ে অনেক কথা হচ্ছিল বলেই কিনা সবার উদ্দেশ্যে স্যালুট জানিয়ে বারবার বুক ডাউন দিয়ে দেখাতে চাইলেন তিনি কতটা ফিট!

এদিন মিসবাহ আরো একটা রেকর্ড নিজের করে নিয়েছেন। লর্ডসে তিনি সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করাদের মধ্যে তিন নম্বর ব্যাটসম্যান। সবমিলে সবচেয়ে বেশি বয়সী সেঞ্চুরি করাদের তালিকায় ছয় নম্বর। মিসবাহ ১১০ রানের ইনিংস খেলেছেন ১৭৯ বলে ১৮ চারের সাহায্যে। তবে পাকিস্তানের জন্য দিনটি আরো ভালো কাটতে পারতো যদি শেষেরদিকে শফিক আউট না হতেন। নাইটওয়াচম্যান রাহাত আলীও ফিরে গেছেন কোন রান না করেই। শেষের এটুকু বাদ দিলে লর্ডসের প্রথম দিনটা যে পাকিস্তানেরই ছিল তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *