বিডি নিউজ ৬৪: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য আবদুল হামিদ চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেন।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম শাখ সূত্রে জানা গেছে, ওই দিনই বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে যোগ দেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সর্বশেষ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন ড. হাফিজ মুহাম্মদ ।
ড. হাফিজ ২০০০ সালে জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কিয়োসু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ব্রুনো থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে দীর্ঘদিন জনতা ব্যাংক লিমিটেডের দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে সিনিয়র আইটি কনসালটেন্ট এবং জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিশ্বব্যাংকের তথ্যপ্রযুক্তি পরামর্শক হিসেবেও জুডিসিয়াল রিফর্ম প্রজেক্টে কর্মরত ছিলেন ড. হাফিজ। দেশ-বিদেশের আন্তর্জাতিক জার্নালে ড. হাফিজ মুহম্মদের অনেক প্রকাশনা ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
যোগদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল