প্রেসিডেন্টের নাপিতের বেতন ৮ লাখ টাকা

বিডি নিউজ ৬৪: প্রেসিডেন্ট বলে কথা! যেনতেন নাপিত দিয়ে তো আর তার চুলের স্টাইল করানো যাবে না। তার জন্য দরকার দামী নাপিত। আর সেই দামী নাপিতের মাসিক বেতন শুনলে রীতিমতো আঁৎকে উঠতে হয়। নিজের চুলের যত্নে মাসে ১০ হাজার ডলার দিয়ে নাপিত নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ৭ লাখ ৮৩ হাজার টাকারও বেশি।

সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী ৬১ বছর বয়সী এই প্রেসিডেন্টের চুলের পেছনে খরচের খবরটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় সাধারণ জীবনযাপন এবং উদাহরণ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন ওলাঁদ।

ফরাসি সাপ্তাহিক সংবাদ সাময়িকী লা ক্যানার্ড এনচেইন জানায়, রাষ্ট্রীয় কোষাগারের এ অর্থের প্রায় পুরোটাই যায় অলিভার বি নামের প্রেসিডেন্টের চুল পরিচর্যাকারীর পকেটে। ফ্রাঁসোয়া ওলাঁদের বেশিরভাগ বিদেশ সফরেও তিনি তার সঙ্গে থাকেন।

এদিকে সংবাদপত্রে প্রকাশিত এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে আইফেল টাওয়ারের দেশ ফ্রান্সে। গণমাধ্যম বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের চুল পরিচর্যাকারীর মাসিক পারিশ্রমিক নাকি তার সরকারের মন্ত্রীদের মাসিক বেতনের সমান। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ও বিরোধীরা তো বটেই, এমনকি ওলাঁদের দলের লোকেরাও এই খবরে ক্ষুব্ধ।

প্রেসিডেন্টের সামালোচনায় মুখর হয়ে উঠেছেন ফরাসিরা। টুইটারে বুধবার দিনভর হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড করেছে #CoiffeurGate। ফরাসিতে Coiffeur কথাটির অর্থ কেশবিন্যাসকারী। ওলাঁদের দলের লোকেরাও তাকে এ ব্যাপারে ছাড় দেননি।

এছাড়া প্রেসিডেন্টের চুলের পেছনে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর কয়েকজন টুইটার ব্যবহারকারী ২০১৭ সালে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকজন ন্যাড়া মাথার প্রার্থীকে মনোনয়ন দেয়ারও পরামর্শ দিয়েছেন। তাদের মতে, এতে করে করদাতাদের কিছু অর্থ বেঁচে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *