বিএনপির প্রতিনিধি দল লন্ডন যাচ্ছে ১৬ জুলাই

বিডি নিউজ ৬৪: ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে এক আলোচনায় যোগ দিতে আগামী ১৬ জুলাই লন্ডন যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গিহামলাসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাউস অব লর্ডসের ওই আলোচনায় বাংলাদেশের মানবাধিকারসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।’

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এ আলোচনায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলেরও যোগ দেয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *