ব্যায়ামে কেমন জুতা

বিডি নিউজ ৬৪: প্রতিদিনের কাজের মাঝে নিজেকে সুস্থ রাখতে প্রয়োজন ব্যায়াম করা বা হাঁটা। আমাদের কাজে স্পৃহা বাড়াতেও ব্যায়ামের তুলনা হয় না। কিন্তু ব্যায়াম করলেই তো আর হবে না, সবচেয়ে আগে দরকার সঠিক জুতা বাছাই। কারণ আপনার শরীরের সুস্থতা নিশ্চিত করতে এবং ব্যায়ামকে স্বস্তিদায়ক করতে এ জিনিসটি সবচেয়ে বেশি সহায়ক।

হাঁটা কিংবা জগিং এ আপনার স্টাইলের সঙ্গে মানিয়ে যায় এমন জুতো বাছাই করতে হবে। পায়ের আকৃতির দিকে খেয়াল রেখে পছন্দের জুতাটি কিনতে হবে। পায়ের আকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুতা পরলে আপনি আরাম পাবেন, দেখতেও ভালো লাগবে ।

জুতা কেনাটা নির্ভর করে দৌড়ানোর গতির উপরও। এমন জুতা পরুন যাতে আপনি দৌড়ানো উপভোগ করতে পারেন। খেয়াল রাখতে হবে জুতা যেন খুব আঁটসাঁট না হয়। আঁটসাট জুতায় পায়ে সংক্রমণ হতে পারে, নখ নষ্ট হয়ে যেতে পারে অল্প সময়ে। আবার পায়ের মাংসপেশিতে ব্যথা করে দিতে পারে। তাই পছন্দের জুতাটি পায়ের চেয়ে এক আঙ্গুল বড় হলে ভালো হবে। দৌড়ঝাপের সময় চাপ লেগে কালো দাগ পড়া থেকে রক্ষা করবে। তাই জুতা কেনার আগে অবশ্যই পায়ে দিয়ে একটু হাঁটাচলা করে দেখে নিতে পারেন।

অনেকদিন ধরে একই জুতা পরলে আপনার পায়ে ঘা হয়ে যেতে পারে, পায়ে ব্যথা হতে পারে। তাই নিয়মিত পরা জুতা এক বছর পর পর পরিবর্তন করে নেয়া ভালো। জগিং করার জন্য আরামদায়ক এসব জুতার দাম ৫০০ টাকা থেকে শুরু। নানা ব্র্যান্ডের জুতার টেকসই এবং ডিজাইনের ওপর ভিত্তি করে এগুলোর দাম ভিন্ন ভিন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *