বিডি নিউজ ৬৪: পুলিশ পরিচয় দিয়ে প্রবাসীর বাড়ি থেকে ভাই-বোনকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা ওই ঘরে ভাঙচুর, নগদ ২৬ হাজার টাকা ও স্বর্ণলংকার লুটে করে নেয়।
জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের ওমান প্রবাসী আলাউদ্দিন রাজুর বাড়িতে বেড়াতে এলে মঙ্গলবার (১২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদনান নামে এক যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার বাহার মাস্টারের ছেলে।
এদিকে খবর পেয়ে বুধবার বিকেলে জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রবাসীর স্ত্রী কাজল রেখা জানায়, তার বড় বোনের ছেলে রকি (২৪) ও মেয়ে মাহিনুর (৩০) তার বাড়িতে বেড়াতে আসে। রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়লে ওই এলাকার ফাহাদের নেতৃত্বে আদনান, রোকন, পিয়াস ও হৃদয়সহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী পুলিশ পরিচয় দিয়ে রাত ১টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে। এসময় তারা আলমারির তালা ভেঙে নগদ ২৬ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট লুটে নেয়। তখন ওই লোকদের বাঁধা দিলে তারা ঘরে ভাঙচুর চালায়।
তিনি আরো জানায়, যাওয়ার সময় সন্ত্রাসীরা তার বোনের ছেলে ও মেয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক আদনানের বাড়িতে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণের ১০ হাজার টাকা দিলে বুধবার সকালে তাদেরকে ছেড়ে দেয়।
চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা সবাই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
জানতে চাইলে জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল