সরকারের পদক্ষেপেই দুর্যোগে ক্ষয়ক্ষতি কমেছে

বিডি নিউজ ৬৪: দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি কমাতে জার্নালিস্ট ফেলোশিপ কার্যক্রম সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। সেভ দ্য চিলড্রেন, পরিপ্রেক্ষিত এবং ‘সি অ্যান্ড এ ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে উল্লেখ করে ড. গওহর রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতোমধ্যেই দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বিভিন্ন দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড় রোয়ানু’র ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পেরেছে।’

তিনি বলেন, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে হলে অবশ্যই জনগণকে সচেতন করতে হবে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু দুর্যোগ ঝুঁকি হ্রাস নয়, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজে তারা ‘ওয়াচডগ’র ভূমিকা পালন করে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, ‘দেশে যদি সাংবাদিক না থাকে কিংবা তারা স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে সে দেশ এগিয়ে যেতে পারে না, দেশের মধ্যে কোনো জবাবদিহিতা থাকে না, একই ভুল বারবার ঘটলেও সেটা শুধরে দেয়ার সুযোগ থাকে না।’

গওহর রিজভী বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু তাদের দায়িত্বও অনেক বেশি। কারণ, গণমাধ্যমের দেয়া ভুল তথ্যে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এ দিকটি গণমাধ্যমের খেয়াল রাখা উচিত।’

কর্মশালায় পরিপ্রেক্ষিত এর পক্ষ থেকে জার্নালিস্ট ফেলোশিপ কার্যক্রমের বিস্তারিত জানানো হয়। পাশাপাশি সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে দুর্যোগ ঝুঁকি হ্রাসে তাদের প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ত্রিশ জন বাছাই করা সংবাদকর্মীর জন্য আয়োজিত এই কর্মশালা থেকে পরবর্তীতে ১২ জনকে ফেলোশিপ প্রদান করা হবে। এই ১২ জন সাংবাদিক এক বছর সময়কালে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে রিপোর্ট করবেন। কার্যক্রমের শেষে জুরি বোর্ডের সিদ্ধান্তে দু’জন সেরা রিপোর্টারকে পুরস্কৃত করা হবে। ‘সি অ্যান্ড এ ফাউন্ডেশন’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রকল্পের অধীনে এই ফেলোশিপ প্রদান করা হবে।

এই ফেলোশিপ সাংবাদিকদের দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে কাজ করতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. গওহর রিজভী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তা সৈয়দ মতিউল আহসান। এ ছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল, পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর, গবেষণা সহযোগী শাকিলা ইয়াসমিন সূচনা, বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর হিউমেনিটেরিয়ন মো. মোশতাক হোসেইন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *