বিডি নিউজ ৬৪: পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেয়ার পরিকল্পনা করছেন। তার বাইরে দাতব্য প্রতিষ্ঠানে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন যে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফেরার তার কোনো পরিকল্পনা নাই। ২০১৫ সালের বিশ্বকাপ খেলেই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে। তবে কিছু শুভাকাংখী আমাকে এটা না করতে উপদেশ দিয়েছেন। আমার দৃষ্টিতে একজন রাজনীতিবিদ জনগণের সেবক এবং তার উচিত জনগণের সেবা করা।’
দাতব্য প্রতিষ্ঠান দিয়েও মানুষের সেবা করার কথা জানিয়েছেন এই অল রাউন্ডার। তিনি বলেছেন, ‘রাজনীতিতে না গিয়ে আমার সেবামূলক সংগঠনের মাধ্যমেও মানুষের সেবা করতে পারি।’
পিছিয়ে পড়া শিশুদের জন্য শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে একটি স্কুল প্রতিষ্ঠার কথাও জানিয়েছেন এই ক্রিকেটার। তবে এখনই অবসরের কথা উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের হয়ে টি২০ ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি।
আফ্রিদি বলেছেন, ‘আমি সীমিত ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। সেটা জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেট বা লিগের খেলা হোক। আমি মনে করি এই খেলার জন্য এখনও ফিট আছি।’
আফ্রিদি বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন। এর আগে পাকিস্তানের ইংল্যান্ড সফরের জন্য অনুশীলন ক্যাম্পে ডাক পাননি তিনি। অনেক ক্রিকেট বোদ্ধার মতে দুই দশক ধরে চলা তার খেলোয়াড়ী জীবনে এখনই ইতি টানার উপযুক্ত সময়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল