বিডি নিউজ ৬৪: রাজশাহীর পুঠিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার ভাংড়া এলাকা এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গপাড়ার রেজাউলের মেয়ে সোনিয়া (৮), বাঘা উপজেলার শাল দীঘিপাড়া এলাকার শাহাদাতের ছেলে গফুর (৩২), নওগাঁর নিয়ামতপুর উপজেলার আহার আলীর ছেলে আইতুল (৩০), মান্দা উপজেলার চকরামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শ্যামলী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বিকেলে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। পথে ভাংড়া এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
এ সময় স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাসের আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানতে পারেননি ওসি। এছাড়া গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল