বিডি নিউজ ৬৪: মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুতের উৎপাদন কেন্দ্র ভোলার বোরহানউদ্দিনে ফের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত পৌনে ৩টার দিকে সেহরির সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আজ শনিবার সকাল ৮টার দিকে মাত্র এক ঘন্টার জন্য এসে ৯টার দিকে ফের বিদ্যুৎ চলে যায়। রমজান মাসেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভোলার পাঁচ উপজেলায় বিদ্যুৎ আসে আর যায়। আবার বিনা নোটিশেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। এ ছাড়াও রমজানে সেহরির সময়ে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও স্ট্যাটাস দিচ্ছেন।
এর পূর্বে মাত্র এক সপ্তাহ আগে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রায় একইভাবে প্রায় ৭ ঘন্টা ভোলার পাঁচ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে টানা ৭ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল পাঁচ উপজেলার বিদ্যুৎ গ্রাহক।
বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক লিটন চৌধুরী বলেন, এমনিতে এখন প্রচণ্ড গরম। এর মধ্যে কোন মাইকিং ছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গ্রাহকদের ভোগান্তিতে ফেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের খামখেয়ালীপনা ছাড়া আর কিছুই নয়। একই উপজেলার কুতুবা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহক মাহবুব আলম চৌধুরী বলেন, গত শুক্রবার ভোর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমাতে পারিনি। একই এলাকার গৃহিনী রেজানুর আক্তার বলেন, শুক্রবার ভোররাতে বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে সেহরি খেতে হয়েছে। জেসমিন চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুতের বিলও দিতে হয়। আবার কেরোসিন তেলের দামও দিতে হয়। ব্যবসায়ী মঈনুদ্দিন পারভেজ বলেন, এভাবে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলে এখানকার ব্যবসা-বাণিজ্যে ধ্বস নামতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে বোরাহানউদ্দিন উপজেলা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের দক্ষিণ কুতুবা গ্রামে স্থাপিত গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে বোরহানউদ্দিন উপজেলার সাব স্টেশনে বিদ্যুৎ দেওয়া হয়। সেখান থেকে বোরহানউদ্দিনসহ পাঁচ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি দেখা দেওয়ায় বোরহানউদ্দিনসহ পাঁচ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী শফিউদ্দিন বলেন, এখানে একটি প্রজেক্টের ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। যার কারণে শনিবার সকাল ৮টার দিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কাজ শেষ হওয়ার পর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল