বিডি নিউজ ৬৪: বাবা বলেছে নতুন জুতো কিনে দেবে। নতুন এক জোড়া ঝকঝকে জুতোর লোভ সামলাতে পারেনি ছয় বছরের একতা তুলসিরাম সিনাই। বাবা ও তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে জুতো কেনার জন্য বের হয়েছিল সে। তার মা তখন বাড়িতে ছিল না। বাড়ি থেকে বের হয়েই জুতো কিনে দেওয়ার বদলে মাঝপথে ব্রিজের ওপর থেকে উলহাস নদীতে নিজের মেয়েকে ছুঁড়ে ফেলে দিলেন বাবা। তবে অল্পতেই রক্ষা পেয়েছে মেয়েটি।
মহারাষ্ট্রের থান জেলার বদলপুর গ্রামে বুধবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। উলহাস নদীর ওপর ওয়ালিভালি সেতুর ওপর থেকে ৫০ ফুট নিচে নিজের মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছিল বাবা। কিন্তু নদীর ওপরে কিছু ঝোপঝাড়ের ডাল ধরে আটকে থাকে মেয়েটি। ওইভাবেই ঝুলে ১১ ঘণ্টা কাটিয়ে দেয় সে।
পরদিন সকাল ৬টায় নদীর ধারের একটি কনস্ট্রাকশন সাইটের নিরাপত্তারক্ষী রমেশ ভয়ের মেয়েটির কান্না ও চিৎকার শুনতে পান। ব্রিজের ওপরে এসে নিচের ঝোপে আটকে থাকা মেয়েটিকে দেখতে পান তিনি। এরপর খবর দেন পুলিশ ও ফায়ার ব্রিগেডে। ১৫ মিনিটের মধ্যে দমকল কর্মীরা এসে উদ্ধার করে মেয়েটিকে।
এদিকে আগের দিন রাতে ভরতক নগর পুলিশ স্টেশনে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান তার মা। পুলিশ জানায়, ‘নাবালিকা হওয়ায় আমরা অপহরণের মামলাটি নেই এবং তদন্ত চালাই। তবে বৃহস্পতিবার রাতে মেয়েটিকে বদলপুরের একটি নদীতে পাওয়াগেছে বলে জানা যায়। আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। তবে মেয়েটির বাবার খোঁজ চলছে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল