গুলশানের চার কিলোমিটার এলাকাজুড়ে র‍্যাব-পুলিশ

বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিজান বেকারি নামে স্প্যানিশ রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় আশপাশের চার কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে বিপুল সংখ্যক র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওই রেস্তোরাঁয় অস্ত্রধারীদের দ্বারা জিম্মি ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ১২টা পর্যন্ত রেস্তোরাঁর ভেতরে বা এর গলির মধ্যে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ঢুকতে পারেনি। রেস্তোরাঁর আলোর বন্ধ রয়েছে। সেখান থেকে কিছুক্ষণ পর পর আসছে গুলির শব্দ। ভেতরে দেশি-বিদেশি বেশ কয়েকজন নারী-পুরুষ জিম্মি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, ঘটনাস্থলের আশপাশে ব্যাপক পুলিশ-র‍্যাব, সোয়াত, ডিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা অবস্থান নিয়েছেন। বুলেট প্রুফ জ্যাকেট পরে গ্রেনেড শিল্ড, বুলেট শিল্ড, দরজা ভাঙার জিনিসপত্র এবং ভারি  অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে রয়েছেন বিশেষায়িত ইউনিটগুলোর সদস্যরা।

ঘটনার শুরুর পর রাত সাড়ে ১০টার দিকে একটি হ্যান্ডমাইক নিয়ে পুলিশের একটি দল ওদের কাছাকাছি গেলে তাদের লক্ষ্য করে জিম্মিকারীরা হাতে তৈরি গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং কর্মকর্তা আহত হন।

মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুটের খটখট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি গেলেই গাড়ির আলো নিভিয়ে চলতে বলা হচ্ছে। পুরো এলাকায় থেমে থেমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *