বিডি নিউজ ৬৪: বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বলেছেন, ‘ভয় পাবেন না।’
শুক্রবার (১ জুলাই) রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের প্রধান শুদ্ধানন্দ মহাথেরসহ ভিক্ষুদের সাথে ১৪ দলের নেতাদের বৈঠকের পর তিনি এ দাবি করেন।
বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়ায় ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে নাসিম বলেন, ‘পুরনো চেহারা নিয়ে এরা এই ধরনের (গুপ্তহত্যা) করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় এরা একের পর এক ঘটনা ঘটিয়েছে, এখনও চেষ্টা করছে।’
তিনি আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের এই মন্দিরসহ সারা দেশের মঠ-মন্দির ও সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। কোনোভাবেই আমরা এ ধরনের হুমকির কাছে মাথা নত করব না।’
মাদারীপুরের শিক্ষক হত্যাচেষ্টার কথা তুলে ধরে ১৪ দলের এই নেতা বলেন, ‘আপনারা দেখেছেন, মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টাকারী স্বীকার করেছে সে শিবিরকর্মী। প্রশিক্ষিত শিবিরকর্মীরা সারা দেশে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আক্তার, স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল