টেস্ট ও ওয়ানডেতে ১০ হাজার রান চাই তামিমের

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেট তিন সংস্করণের। আর এই তিন ফরম্যাটেই বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সবার চেয়ে বেশি রান তার। এই ওপেনিং ব্যাটসম্যানের লক্ষ্য অবশ্য আরো বড়। টেস্ট আর ওয়ানডেতে ১০ হাজার করে রান তুলে ক্যারিয়ার শেষ করতে চান।

তামিমের বয়স এখন ২৭। ২০০৭ সালে ওয়ানডে এবং ২০০৮ সালে টেস্টে অভিষেক। সেই থেকে জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। দারুণ ধারাবাহিক। তিন ফরম্যাটেই পূর্বসূরী ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙে শীর্ষে তামিম। ৪২ টেস্টে ৩১১৮ রান। ৩৯.৪৬ গড়। সেঞ্চুরি ৭টি। আছে একটি ডাবল সেঞ্চুরি। ১৫৩ ওয়ানডেতে তার রান ৪৭১৩, গড় ৩১.৬৩। সেঞ্চুরি ৬টি। ৫২ টি-টোয়েন্টিতে ২৪.৫৫ গড়ে ও ১১৪.৫৯ স্ট্রাইক রেটে রান ১১৫৪। দেশের পক্ষে এই ফরম্যাটে একমাত্র সেঞ্চুরিটিও তার। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি।

বাঁ হাতি এই ব্যাটসম্যানের ২০১৫ সালের লক্ষ্য পূরণ হয়েছে ভালোভাবেই। পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন। আর ক্যারিয়ারের চূড়ান্ত পরিকল্পনা ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা। ইএসপিএনক্রিকইনফোর সাথে সাক্ষাৎকারে তামিম বলেছেন, “আমি আরো ছয় বছর খেলতে চাই। দুই ফরম্যাটেই ১০০০০ রান করতে চাই। টেস্টে একটু অসম্ভব লাগে তা। কিন্তু আরো ১৫০ ওয়ানডে খেললে তা সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *