বিডি নিউজ ৬৪: স্মার্টফোনের কল্যাণে সেলফির উন্মাদনা মাত্রা ছাড়িয়ে গেছে। এবার ধর্ষণের শিকার এক নারীর সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়ালেন রাজস্থান মহিলা কমিশনের সদস্য সোমইয়া গুরজার! সেই সেলফিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মাকেও! পরে অবশ্য তিনি সেলফির বিরোধিতা করে ওই সদস্যকে শোকজ করেছেন। কিন্তু ততক্ষণে মহিলা কমিশনের সঙ্গে যুক্ত দুই মহিলার কীর্তি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাজস্থানের আলওয়ারা জেলার ৩০ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হন। বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা না আনতে পারায় তার স্বামী এবং স্বামীর দুই ভাই তার উপরে শারীরিক নির্যাতন চালায়। সেই অভিযোগ জানাতেই ওই মহিলা বুধবার জয়পুর মহিলা থানায় যান।
নির্যাতনের খবর পাওয়া মাত্র থানায় ছুটে যান রাজস্থান মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা এবং সদস্য সোমইয়া গুরজার। নির্যাতিতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজের মোবাইল বের করে তাঁর সঙ্গে সেলফি তুলতে শুরু করেন ওই সদস্য। বিরোধিতা না করে সেই সময় মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকেও।
সেখানে উপস্থিত অন্য কেউ নিজের মোবাইলে সেই ছবি তুলে আপলোড করে দেন। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়েই শুরু হয় বিতর্ক। বিতর্কের জেরে শেষমেষ মুখ খুলতে বাধ্য হন কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা। জানান, বিষয়টি তিনি মোটেই ভাল ভাবে নেননি। আচমকা ওই সদস্য মোবাইল বের করে ছবি তুলে নিয়েছিলেন। তাই সেই মুহূর্তে তার কিছু করার ছিল না। পরে অবশ্য তাকে লিখিত ভাবে এরকম করার কারণ জানাতে বলেছেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল