বিডি নিউজ ৬৪: আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে টানা ৯ দিনের ছুটি। তাই ঈদের লম্বা ছুটিকে সামনে রেখে ফাঁকা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। বিপনি বিতান, বাস-ট্রেন স্টেশনমুখি রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশের গলদঘর্ম হতে দেখা গেলেও, শহরে আবাসিক এলাকা গুলোতে নেমে আসছে নিরবতা। রাস্তায় কমছে ব্যাক্তিগত পরিবহনের সংখ্যা।
সড়কের ভিড় ও লোকালয়ের ভিড় সব যেন মিলেছে নগরীর বাস, রেল, লঞ্চ টার্মিনালে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬০ লাখ মানুষের এই নগরী থেকে নগরবাসী ঈদ উদযাপন করতে গ্রামে ছুটছেন। ঈদে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরীর যান্ত্রিকতা ফেলে সবাই ছুটছেন আপন ঘরের পানে। সব বাধা মাড়িয়ে আনন্দ যাত্রায় নগর ছাড়ছেন বাসিন্দারা।
পরিবহনসংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এবার লম্বা ছুটি পেয়ে ইতোমধ্যেই পরিবার পরিজনদের বাড়ি পাঠাতে শুরু করেছেন নগরবাসী। ফলে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে নগর। আগামীকাল থেকে তা আরো বাড়বে। বাস, ট্রেন ও স্টিমারসহ বিভিন্ন পরিবহনে করে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ নগর ছাড়বেন।
আজ বৃহস্পতিবার একদিন মাত্র অফিস-আদালত খোলা থাকবে। এরপর শুরু হবে শুক্র-শনি সাপ্তাহিক ছুটি, সঙ্গে যোগ হবে ঈদের ছুটি। তাই আজ থেকেই ঈদের অঘোষিত ছুটি শুরু হয়েছে। এতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে আজ থেকেই যাত্রা করছে বাড়ির পথে। আবার কেউ কেউ শুক্রবার সকালে যাত্রা শুরু করবেন।
ঈদে লম্বা ছুটি থাকায় অনেকে পরিবার-পরিজনকে আগে ভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। শত শত যাত্রীকে পরিবার-পরিজন নিয়ে ট্রেন এবং বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
চট্টগ্রাম রেলস্টেশন, বিআরটিসি মোড়, জিইসি মোড়, একে খান ও অলংকার মোড়ে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। বিভিন্ন পরিবহন সংস্থা চালু করেছে অতিরিক্ত ট্রিপ।
সরেজমিনে দেখা গেছে, শহরের মূল সড়ক ছাড়া অলিগলিতে রিকশা, অটোরিকশা চলাচল কমতে শুরু করেছে। রাস্তাঘাটেও লোকজনের নিত্যদিনের ভিড় তেমন লক্ষ্য করা যাচ্ছে না। সিটিবাসগুলোয় যেখানে আগে দেখা যেত যাত্রীদের উপচেপড়া ভিড়, সেখানে অপেক্ষাকৃত কম যাত্রী নিয়ে চলাচল করছে।
প্রসঙ্গত, গত ২২ জুন নির্বাহী ক্ষমতায় এবার টানা ৯দিন ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুলাই ছুটি থাকায় ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিন ছুটি থাকছে এবারের ঈদে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল