এমপিকে চিঠি লিখে উত্তর ও অনুদান পেল জামিয়া

বিডি নিউজ ৬৪: মাস দুয়েক আগের কথা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন। যিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও বটে।

ওই ভবন উদ্বোধন শেষে লোকজনের ভিড় ঠেলে এমপির সামনে গিয়ে হাজির হয় জামিয়া নামে এক স্কুল শিক্ষার্থী। জানায় তার আবেগের কথা, বহুদিনের ইচ্ছে ছিল এমপিকে দেখার। একথা জানিয়ে এমপিকে ওই ছাত্রীর হাতে লেখা একখানা চিঠি তুলে দেয় জামিয়া। সাথে এও বলে দেয়, চিঠির কিন্তু উত্তর চাই। এমপি ওই ছাত্রীর ইচ্ছে ও আবেগ দেখে আনন্দিত হন। যোগাযোগের জন্য ভিজিটিং কার্ডও দেয়।

এরই পরিপ্রেক্ষিতে এমপি ওই শিক্ষার্থীর চিঠিতে সাড়া দিয়ে তাকে ঐচ্ছিক তহবিল থেকে পড়াশোনায় সহায়তার জন্য ১০ হাজার টাকার অনুদান চেক তুলে দেন। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এমপির জন্য বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে পাকুন্দিয়া উপজেলার ২৮ জন দুস্থ ও অসহায়দের মধ্যে অনুদানের চেক দেয়া হয়। যেখানে ছিল জামিয়াও।

চেক প্রদান অনুষ্ঠানে এমপি সোহরাব উদ্দিন, ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুদানের চেক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে জামিয়া। সে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানায়, এ অর্থ তার পড়াশোনায় অনেক সাহায্য করবে। সে পড়াশোনা করতে চায়। ভালো মানুষ হতে চায়। এ সময় এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে বলে, ‘ওনাকে আমি একটি চিঠি দিয়েছিলাম। যেখানে আমার কষ্টের কথা লেখা ছিল। উনি আমার চিঠিতে সাড়া দিয়ে আমার প্রতি সদয় হয়েছেন সেজন্য উনার প্রতি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, উপজেলার চরফরাদি ইউনিয়নের চরফরাদি গ্রামের নূরুল ইসলামের কন্যা জামিয়া (১৪)। সে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনায় খুবই আগ্রহী জামিয়া। কিন্তু পরিবারের দৈন্যতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল তার। সে তার পরিবারের দৈন্যদশা ও পড়ালেখার প্রতি আগ্রহের কথা উল্লেখ করে এমপির কাছে পত্র দেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *