বন্ধ পাটকল নেই বিজেএমসির

বিডি নিউজ ৬৪: বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৩টি পাটকল চালু রয়েছে, বন্ধ পাটকল নেই— জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।

বুধবার (২৯ জুন)  জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, বিজেএমসির মেশিনগুলো ৫০-এর দশকে স্থাপিত। মেশিনগুলো রক্ষণাবেক্ষণ এবং বিএমআরই না করার কারণে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। মূলত জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে পাটকলগুলোর Demand-based BMRE করার সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। বিএমআরই করা হলে মেশিনের দক্ষতা বৃদ্ধি পাবে।

বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি পাটকলের সংখ্যা ২০৭টি। তার মধ্যে সরকারি ২৩টি ও বেসরকারি ১৮৪টি।

পাট ও পাটপণ্য রপ্তানি বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং পাট শিল্পকে অতীতের গৌরবোজ্জ্বল সুনাম ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *