বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাউন্সিলের চার মাস পরেও বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। খালেদা জিয়া বিএনপি নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না। সেখানে জনগণ কিভাবে বিএনপি’র উপর আস্থা রাখবে।’
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত ‘ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য ও সরকারের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গুপ্তহত্যা, সহিংসতা ও মিথ্যাচার বন্ধ করে নিয়মতান্ত্রিক রাজনীতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জানান হাছান মাহমুদ।
বিএনপি’র অবস্থান মুসলিম লীগ ও জাসদের ন্যায় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটেনের উদাহরণ টেনে খালেদা জিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার জাবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া যেভাবে পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছেন তাতে ব্রিটেনের রাজনীতির নিয়ম অনুযায়ী বিএনপি এতদিনে রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যেতো। কিন্তু সেটা করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই সমালোচনা হোক। সমালোচনা হলে আমাদের ভুলভ্রান্তি পরিষ্কার হবে। কিন্তু সমালোচনার নামে সংঘাতের পথ বেছে নেয়া কোনো রাজনীতি হতে পারে না।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল