বিডি নিউজ ৬৪: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমএম সুলতান মাহমুদ বলেছেন, দেশের ১৮ লাখ মানুষ প্রতিবন্ধী। সরকার প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে। আগামী অর্থবছরের মধ্যে ৭ লাখ প্রতিবন্ধিকে এই ভাতার আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এনজিডিও-এর আয়োজনে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রাইভেট ও কর্পোরেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘৭ লাখ প্রতিবন্ধীকে আমরা ভাতা কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে আশা করি আগামীতে ১৮ লাখ প্রতিবন্ধীকেই ভাতার আওতায় আনতে পারবো।’
প্রতিবন্ধী সুরক্ষা আইনে প্রতিরক্ষা বিষয়ে মামলা করলে জেল–জরিমানার বিধান আছে মন্তব্য করে সুলতান মাহমুদ বলেন, ‘অনেক মা-বাবা তাদের প্রতিবন্ধী ছেলেটিকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সুস্থ ছেলেটিকে সব সম্পত্তি দিয়ে দেন। এ ব্যাপারে মামলা করলে এবং দোষী ব্যক্তির ৩ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান আছে।’
ঢাকার অনেক বড়লোক মা-বাবা আছেন যারা তাদের প্রতিবন্ধী সন্তানদের কথা স্বীকার করতে লজ্জা পান উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীতা) বলেন, ‘দয়া করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সকল প্রতিবন্ধীর রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আমরা তাদের পরিচয়পত্র দিচ্ছি। এটা অনেক কাজে লাগবে।’
এসময় তিনি বলেন, ‘মহিলাদের জন্য জাতীয় সংসদে বিশেষ কোটা থাকলে প্রতিবন্ধীদের জন্যও কোটা থাকতে পারে। তাহলে তারা নিজেরাই নিজেদের সমস্যাগুলো ভালভাবে সংসদে তুলে ধরতে পারবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মর্ডান সিকিউরিটিস ঢাকার ম্যানেজিং ডাইরেক্টর খুজেস্তা নূর ই নাহরিন বলেন, ‘সরকার যদি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে ১০ ভাগ প্রতিবন্ধী নিয়োগ দিতে বাধ্য করে তাহলে শিক্ষিত প্রতিবন্ধীদের বেকার সমস্যা অনেকটা দূর হবে।’
জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন আক্তার ফার্নিচারের কো-অর্ডিনেটর এমএম সুলতান মাহমুদ, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব প্রোগ্রামস আব্দুস সালাম মিয়া, প্রজেক্ট ম্যানেজার মনোয়ারুল ইসলাম মামুন প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম অফিসার বশির আল হোসাইন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল