বিডি নিউজ ৬৪: ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়ায় ও ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর পরীক্ষিতপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের আওয়াল শরীফের ছেলে ট্রাক চালক উজ্জ্বল শরীফ (৪৫), ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের শাহাদাত মোল্লার ছেলে বাবুল মোল্লা (৩০) এবং মধুখালী উপজেলা দিঘলীয়ার সোহরাব হোসেন মিয়ার ছেলে নিশান মিয়া (৩২)।
হাইওয়ে পুলিশ ভাঙ্গা থানার এসআই আবু তাহের জানান, সকালে ভবুকদিয়ায় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ভেতরে আটকা পড়ে চালক ও সহকারীর মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান, রাজশাহীগামী তুহিন পরিবহনের একটি বাসের সাথে মধুখালীর পরিক্ষীতপুরে ফরিদপুরগামী একটি ছোট ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ভ্যান যাত্রী নিশান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল