বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজনে ঢাকাসহ সকল বিভাগীয় শহর এবং সিটি করপোরেশনগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শক্তিশালী স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে।’
সোমবার (২৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সীমান্তে মাদকপাচার প্রতিরোধে বিজিবি ও কোস্টগার্ডকে আরো শক্তিশালী করা হবে। তাদের জনবল, যানবাহন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ করা হবে।’
দেশে ৫০ হাজারের বেশি মাদক মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলার জন্য পৃথক আদালত গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সংশোধন করে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হবে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল