ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বিডি নিউজ ৬৪: রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে জস হ্যাজেলউড, ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকদের বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল। আগে ব্যাট করে ওয়েডের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের পুঁজি গড়েছে অসিরা। জবাবে হ্যাজেলউড বোলিং তাণ্ডবে ৪৫.৪ ওভারে ক্যারিবীয়দের ইনিংস থামে ২১২ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৪৯ রান দলের স্কোরশিটে যোগ করেন আন্দ্রে ফ্লেচার ও চার্লস। মিচেল মার্শের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে চার্লস বিদায় নেন ব্যক্তিগত ৪৫ রানে। ফ্লেচারের দৌড় থামে মাত্র ৯ রানেই, হ্যাজেলউডের শিকার হয়ে।

ক্যারিবীয়দের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন দিনেশ রামদিন। অসি পেসার হ্যাজেলউডের আঘাতে ভঙ্গ হয়েছে সেই স্বপ্নটুকুও। জেসন হোল্ডার করেছেন ৩৪ রান। সুনীল নারিনের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

অসিদের পক্ষে সেরা বোলার হ্যাজেলউড। ৯.৪ ওভারে একটি মেডেনসহ ৫০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন মিচেল মার্শ। একটি করে উইকেট নিয়েছেন কাল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ২৮ রানের মাথায় উসমান খাজাকে (১৪) খুইয়ে বসে তারা। এরপর অ্যারন ফিন্সের ৪৭ ও স্টিভেন স্মিথের ৪৬ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় অসিরা। জর্জ বেইলি নামের পাশে যোগ করতে পেরেছেন মোটে ২২ রান। আর মিচেল মার্শ ৩২ রান করে সুলেমান বেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শেষ দিকে ম্যাথু ওয়েড ফিফটি তুলে নেন। ৫২ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রানে অপরাজিত ছিলেন অসি এই উইকেটরক্ষক।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও গ্যাব্রেইল। একটি করে উইকেট নিয়েছেন কার্লোস ব্রাফেট, কাইরন পোলার্ড, সুনীল নারিন ও সুলেমান বেন। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মিচেল মার্শ। আর টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে জস হ্যাজেলউডের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *