জাহানারা ইমাম পদক পেল জাতীয় বিশ্ববিদ্যালয়

বিডি নিউজ ৬৪: যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাহানারা ইমাম স্মৃতি পদক দেয়া হয়েছে।

রোববার ডব্লিউভিএ অডিটারিয়ামে শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত স্মরণ সভায় এ পদক দেনা হয়।

পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, ‘এ পদক প্রাপ্তি আমাদের জন্য আনন্দের ও আমাদের কাজের স্বীকৃতি। আমরা স্নাতক (পাস) ও অনার্স পর্যায়ে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য নির্বিশেষে সব শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি ১০০ নম্বরের কোর্স অবশ্য পাঠ্য করাসহ আরো কিছু পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘এ পদকপ্রাপ্তি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। আমরা একটি যুদ্ধের মধ্যে আছি, যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হলেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে না। বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা, সাম্প্রদায়িকতা সম্পূর্ণ নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সমাজ-রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে।’

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে মফিদুল হক ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও পাকিস্তান’ শীর্ষক জাহানারা ইমাম স্মারক বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সাংবাদিক কামাল লোহানী, শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *