পুথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের চৌধুরী পাড়া কল্যান সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘প্রথাগত পাঠ্যশিক্ষা দিয়ে নয়, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষাই পারে আঞ্চলিক ও রাষ্ট্রীয় সকল সম্ভাব্যতার প্রকৃত সুফল ঘরে তুলতে। শিক্ষার্থীদের এক্ষেত্রে দেশপ্রেম ও সামাজিক আদব শিক্ষা দেওয়া জরুরি। আর এ কাজটি প্রধানত করতে পারে পরিবার। অভিভাবক সমাজের এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। নতুবা সরকারের শিক্ষা খাতে হাজারো প্রণোদনা কোনো কাজে আসবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে ঘিরে উগ্র মৌলবাদী ও আন্তর্জাতিক অপশক্তির যে আগ্রাসন তা নস্যাতে প্রতিটি পরিবারকেই প্রকৃত ধর্মীয় শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার পাঠ দিতে হবে।’
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর সহকারি পরিচালক ডা. মো. আবু সাঈদ চৌধুরী, হাটহাজারী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. শহিদুল্লাহ চৌধুরী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল