রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ গোরহাঙ্গা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, ওই বৃদ্ধের লাশ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি আছে। মুখে দাড়িও আছে।
বিষয়টি রেলওয়ে পুলিশের ওসিকে জানানো হয়েছে। এ বিষয়ে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল