মাসে বেতন ৮১ কোটি, তবু ছেড়ে দিলেন চাকরি

বাংলাদেশি টাকায় বছরে বেতন ৫৭৫ কোটি টাকা। বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক নিয়ে তার বার্ষিক বেতন দাঁড়ায় ৯৭৭ কোটি। মাসে প্রায় সাড়ে ৮১ কোটি টাকা। তবু ছেড়ে দিলেন চাকরি। বলছিলাম নিকেশ অরোরার কথা। সফ্ট ব্যাংকের প্রেসিডেন্ট এবং সিওও হিসেবে তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী করপোরেট কর্মকর্তাদের মধ্যে অন্যতম।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার ছেলে নিকেশ। তার জন্মও ভারতে। আইটি‚ বিএইচইউ’র মতো প্রতিষ্ঠান থেকে পাস করার পর উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পাস করেন তিনি। গুগলসহ একাধিক নামী বহুজাতিক কোম্পানির উচ্চপদে কাজ করার পর নিকেশ যোগ দেন সফ্ট ব্যাংকে।

সফ্ট ব্যাংক সম্প্রতি ভারতে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করেছে। স্ন্যাপডিলে ৭২ কোটি‚ ওলা ক্যাবসে ৩১ কোটিসহ একাধিক সংস্থায় এই জাপানি টেলিকম এবং ইন্টারনেট করপোরেশনের টাকা রয়েছে। আর এ প্রতিষ্ঠানেরই প্রেসিডেন্ট ছিলেন নিকেশ।

তবে একটি সূত্র বলছে, আর্থিক অনিয়মের অভিযোগ এনে নিকেশকে ইস্তফা দিতে বাধ্য করেছে সফ্ট ব্যাংক। যদিও নিকেশের দাবি‚ তিনি সংস্থার সিইও হতে চেয়েছিলেন। কিন্তু না হতে পেরে পদত্যাগ করছেন। সংস্থাটির বর্তমান সিইও মাসায়োশি সোন।

গত ২২ জুন নিকেশের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগ থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *