যুক্তরাজ্যকে ‘তালাক’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের ‘বিচ্ছেদ’ নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন সংস্থাটির নেতারা। বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ ব্রিটিশ ভোটার ইইউ ছেড়ে যাবার পক্ষে ভোট দেয়। আর ৪৮ শতাংশ সংস্থাটিতে থাকার পক্ষে ভোট দিয়েছে। ভোটের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিাটশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গণভোটে ইইউ’র পক্ষের গোষ্ঠী হেরে যাওয়ার পর যুক্তরাজ্যকে সংস্থাটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো নিয়ে আলোচনার জন্য বুধবার বৈঠকে বসছেন ইইউ নেতারা। এ নিয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইউঙ্কার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে তিনি দ্রুত আলাপ-আলোচনা শুরু করতে চান। তিনি আরো বলেন, এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ করা পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে হয় না। ক্যামেরনের অক্টোবর নাগাদ পদত্যাগ করার কথা রয়েছে। লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে জোড় গুঞ্জন তৈরি হয়েছে। তবে বরিস জনসন  মনে করেন, ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু করার ব্যাপারে এখনই এতো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।

ইইউ-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য ইইউ-এর প্রতিষ্ঠাকালীন ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবারে এক জরুরী সভায় বসার কথা রয়েছে। তবে এই বৈঠকে ব্রিটেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার, অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন ব্রিটেনের প্রতি কোন রিরূপ মনোভাব না রাখেন। তিনি বলছেন, ব্রিটেনের জনগণের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা জানতে হবে। ব্রিটেন চলে যাওয়ায় তারা দুঃখিত, কিন্তু এটা হতাশার সময় নয়। কারণ এখন সবাই মিলে ইউরোপকে একত্রিত রাখতে হবে।

গণভোটের রেজাল্টের পর যে কয়েকটি ক্ষেত্রে তাৎক্ষনিক প্রভাব পড়েছে তার একটি হচ্ছে ব্রিটেনের মুদ্রা। একদিকে পাউন্ডের দাম কমেছে। অন্যদিকে, ব্রিটেনের সরকারী বন্ডগুলোও এখন সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

ব্রিটেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ব্রিটিশ গণভোটে উঠে আসা জনগণের মতামতকে তিনি শ্রদ্ধা করেন এবং যুক্তরাজ্যের সঙ্গে আমেরিকার যে বিশেষ সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *