শুরু হলো প্রকাশনা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে শুরু হলো দুইদিনব্যাপী ‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।

শুক্রবার (২৪জুন) বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন- আইপিএ’র সভাপতি রিচার্ড চার্কিন ও আইপিএ’র পরিচালক বেন স্টুয়ার্ড।

এসময় স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থকেন্দ্রের পরিচালক আখতারুজ্জামান এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি।

প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘আমাদের দেশে শত সমস্যার পরেও প্রকাশনা শিল্প এগিয়ে চলছে। শহর ছাড়িয়ে গ্রামেও পাঠকসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনকি সেখানেও প্রকাশনা শিল্প গড়ে উঠছে।’

তিনি  বলেন, ‘স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। কোনো কিছুর বৈধতা দেয়া মানে কোনো কিছুর অনিয়ন্ত্রিত ক্ষমতা দেয়া নয়। আপনি কিছু বলতে পারেন না যা অন্যের স্বাধীনতায় আঘাত করে। আপনার কোনো অধিকার নেই অন্যের ধর্মবিশ্বাসকে গালাগাল করার।’

এইচ টি ইমাম বলেন, ‘বাংলাদেশের প্রকাশকদের শুধু বাংলা ভাষাকে ধারণ করলেই হবে না, বাংলাদেশে বিদ্যমান অন্য ভাষাকে ধারণ করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে।’ বাংলাদেশে ১২টি ভাষা বিপন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান বলেন, ‘প্রকাশনা কালের শুরু থেকে নিয়ন্ত্রণ, সেন্সরশিপের সঙ্গে প্রকাশনার স্বাধীনতার দ্বন্দ্ব চলে আসছে। কয়েক বছরে ব্লগার, প্রকাশক ও লেখকদের হত্যা করা হয়েছে। উগ্রপন্থীরা ঠিক করেছে হত্যাই একমাত্র সমাধান। বাংলাদেশের অধিকাংশ মানুষ এসব সংকীর্ণতার ঊর্ধ্বে।’

রিচার্ড চার্কিন বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ কতটা বইপ্রেমী। আমরা বিশ্বাস  করি সেরা বই দিয়ে বাংলাদেশের বিজ্ঞানী, লেখক, সাহিত্যিকরা মানুষের চিন্তার খোরাক জোগাবে।’

উদ্বোধনী পর্ব শেষে সেমিনারের প্রথম সেশন অনুষ্ঠিত হয়। ‘প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতা’ শিরোনামে এ সেশনের সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আলোচনায় অংশ নেন রিচার্ড চার্কিন, বেন স্টুয়ার্ড, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি নূহ-উল-আলম লেনিন। স্বাগত বক্তব্য রাখেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।

‘দেশীয় প্রকাশনার আন্তর্জাতিককরণ’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’ এই তিনটি সেশনের মধ্য দিয়ে আজ শনিবার (২৫ জুন) শেষ হবে দুইদিনের এই সেমিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *