সাভারে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

আশুলিয়ার জিরানীর টেঙ্গুরী এলাকায় নয় বছরের মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে অভিযুক্ত খন্দকার শামীম হোসেনকে আটক করে পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পারগোয়ানা গ্রামের মৃত খন্দকার আমিনুর ইসলামের ছেলে এবং টেঙ্গুরী এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করে।

আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানান, টেঙ্গুরী এলাকায় নয় বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে রেখেছে এই খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি দুপুরে ঘটলেও প্রথমে ধাপা চাপা দেয়ার চেষ্টা চালায় একটি প্রভাবশালী মহল। অভিযুক্ত শামীম প্রতিবেশী নয় বছরের এক মেয়ে শিশুকে কৌশলে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়। পরে অভিযুক্ত শামীমকে পার্শ্ববর্তী বাজার থেকে স্থানীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

ধর্ষণের শিকার ওই শিশুটির চিকিৎসা চলছে। এছাড়া শিশুটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *