গুপ্ত হত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোন লাভ নেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্ত হত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোন লাভ নেই। বরং বেগম খালেদা জিয়া জামায়াত-জঙ্গি সঙ্গ ত্যাগ করুন তাহলেই সরকার খুব দ্রত জঙ্গি দমনে সক্ষম হবে। সারাদেশে জঙ্গি ও গুপ্তহত্যা বন্ধে সাঁড়াশী অভিযানের নামে নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে বিএনপির এমন মন্তেব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের  তিনি আরও বলেন, এ বিষয়ে কোন দলীয় নেতাকর্মী তদবির করবেন না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সরকারের যতই সমালোচনা করেন না কেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। ফলে উনি কৃষি, নারী, বিদ্যুত খাতে কোন উন্নয়ন করেননি। তার দায়বদ্ধতা ছিল তার পরিবারের প্রতি তার পুত্রদের প্রতি। এর ফলেই তার সময় একটা লুটপাটের চক্র তৈরি হয়েছিল এবং পরিবারতন্ত্র কায়েম হয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়ন করেছেন, মাছ উৎপাদন করেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি করেছেন। সব মিলিয়ে শেখ হাসিনার সরকারই জনগণের প্রতি বেশি দায়বদ্ধ বলে প্রমাণিত হয়েছে।

এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

এর পর সন্ধ্যায় তিনি মিরপুর উপজেলা তালবাড়িয়া ইউনিয়নে প্রয়াত ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন সর্দারের বাড়িতে এক ইফতার মাহফিলে শরীক হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *