২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি কর্তৃক প্রকাশিত এ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন ভর্তিচ্ছু সুযোগ পেয়েছে।
কলেজে ভর্তির নির্দিষ্ট ওয়েবসাইটে (www.xiclassadmison.gov.bd) শুক্রবার এ তালিকা প্রকাশ করা হয়। আবেদনকারীরা অনলাইনে রোল, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তাদের ফল জানতে পারবে।
প্রথম অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুরা ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত শূন্য আসনে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। ২৮ জুন দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। ভর্তি হওয়া যাবে ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত।
শূন্য আসনের বিপরীতে ১৬ জুন মনোনীতদের মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৭৪ হাজার শিক্ষার্থী স্থান পায়। মেধা তালিকা থেকে ভর্তি হয় ৬ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী।
ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, মেধানুযায়ী ভর্তি হওয়া শিক্ষার্থীরাও অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রমানুযায়ী ভর্তি হতে পারবে (আসন খালি থাকা সাপেক্ষে)। এক্ষেত্রে পূর্বের ভর্তি বাতিল করতে হবে।
মেধা এবং অপেক্ষমান তালিকার ভর্তির পরও ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে (আসন খালি থাকা সাপেক্ষে)।
একজন ভর্তিচ্ছু যে কয়টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছে প্রতিটি প্রতিষ্ঠানই তার মেধানুযায়ী তালিকা প্রকাশ করছে। নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও কলেজের নোটিশ বোর্ডে থেকে ফল জানা যাবে।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। একাদশে ভর্তির জন্য আবেদন করে ১৩ লাখ ১ হাজার ৯৯ জন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল