উল্লাপাড়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: উল্লাপাড়ায় ছোট ভাই সোহাগ হোসেনকে (১৬)  বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে তার আপন বড় ভাই। এ ঘটনায় ঘাতক বড় ভাই শাকিল হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।

বুধবার রাত সোয়া ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।

নিহত সোহাগ ও আটক বড় ভাই শাকিল ঝিকিড়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ জানান, সোহাগ ও শাকিল দুই ভাই মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনের কারণে ক’দিন আগে শাকিলকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবার। দু-তিনদিন পর শিকল খুলে দিলে আবারও নেশায় আসক্ত হয় সে।

বুধবার দুই ভাই এক ঘরে শুয়েছিল। রাত সোয়া ১২টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাকিল বটি দিয়ে ছোট ভাই শাকিলের গলায় কোপ দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় সোহাগ। ঘটনার পরই বড় ভাই শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *