বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দুঙ্গা

বিডি নিউজ ৬৪: ২৯ বছর পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় সেলেওকাওরা। আর তাতে উইলিয়ান-গ্যাব্রেইলদের বিদায় নিশ্চিত হয় শতবর্ষী কোপার আসর থেকে।

এরপরই গুঞ্জন উঠেছিল, কোপায় ব্যর্থতার জন্য ব্রাজিলের কোচ থেকে বরখাস্ত হচ্ছেন কার্লোস দুঙ্গা। সেই গুঞ্জনটা আর গুঞ্জন রইল না, রূপ নিল বাস্তবে। এবার দুঙ্গাকে ‘না’ বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

দুঙ্গা ও তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার সেলেকাওদের ফেডারেশনের কার্যালয়ে দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুঙ্গার বিকল্প হিসেবে তিতেকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। যিনি ব্রাজিল লিগে করিন্থিয়ানসকে শিরোপা জিতিয়েছেন। তাই আগামী অাগস্টে দেশের মাটিতে অনুষ্ঠ্যেয় রিও অলিম্পিকে সেলেকাওদের ডাগআউটে দেখা যেতে পারে তাকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ব্রাজিল দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করা হয়েছে। টিম সমন্বয়ক গিলমার রিনাল্ডিসহ কোচ দুঙ্গা ও তার সহকারীদের ছেঁটে ফেলা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল ব্রাজিল। এর জন্য আসর থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বমঞ্চে ব্যর্থতার দায়ে তৎকালীন কোচ লুইস ফেলিপে লুইস স্কলারিকে বরখাস্ত করে ব্রাজিল।

স্কলারির পরিবর্তে দ্বিতীয় মেয়াদে নেইমারদের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় কার্লোস দুঙ্গাকে। এর আগে ২০০৬ সালে কার্লোস আলবার্তো পাহেইরার স্থলাভিষিক্ত হয়েছিলেন ৯৪’এর বিশ্বকাপজয়ী ব্রাজিলের অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *