২৬ হাজার টাকায় এক ইলিশ!

বিডি নিউজ ৬৪: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জামাই ষষ্ঠিতে মাত্র ৪ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার রুপিতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা ( ২৫ হাজার ৭১২ টাকা)। কলকাতায় এর আগে এত দামে ইলিশ বিক্রি হয়নি। তাই এ ঘটনা নিয়ে মিডিয়ায় সোরগোল পড়ে গেছে।

ভারতীয় বাঙালিদের একটি অন্যতম জনপ্রিয় উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। জৈষ্ঠ মাসে নতুন জামাইকে আদর করে বাড়িতে নানাভাবে আপ্যায়ণ করার পর আশীর্বাদ হিসাবে উপহার দেওয়া হয়। আর জামাইকে খাওয়াতে গেলে ইলিশের পদ তো থাকতেই হবে। এছাড়া ওদের জামাইষষ্ঠী সম্পূর্ণ হয় না। আর সেটি যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো আর কথাই নেই!

তবে হাওড়ার বাজারে ২২ হাজার রুপিতে বিক্রি হওয়া ইলিশটি পদ্মার ছিল না। কেননা বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। চার কেজি ওজনের মাছটি আমদানি করা হয়েছিল মিয়ানমার থেকে। এটি হাওরার বাজার থেকে নিলামে কিনেছিলেন পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি ও দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মার্কেটের খুচরা বিক্রেতা সৈয়দ আনোয়ার মাকসুদ। আর কলকাতায় এত দামে ইলিশ বিক্রির এটি একটি রেকর্ড।

এ সম্পর্কে ক্রেতা মাকসুদ বলেছেন,‘আমার জীবনে আমি এতবড় ইলিশ বিক্রি করিনি। এই বছরও এত বড় ইলিশও আর আসেনি। আমার মনে হয় এটিই এই মৌসুমের সবচাইতে বড় ইলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *