যশোরে দু’পক্ষের দু’রকম ফিতরা নির্ধারণ

বিডি নিউজ ৬৪: ইমাম পরিষদের দুটি পক্ষ যশোরে দুই রকম ফিতরা নির্ধারণ করেছে। সোমবার ‘জেলা ইমাম পরিষদ যশোর’ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আটা হিসাবে ১ কেজি ৬৫০ গ্রাম অর্থাৎ ৩০ টাকা কেজি হিসেবে ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

এর আগে ১ রমজান ‘যশোর ইমাম পরিষদ’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল এ জেলার জন্য এবার ৪২ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। খবরটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।

এদিকে সোমবার জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শহরের এএম আলী রোডস্থ বায়তুচ্ছালাম জামে মসজিদে এক সভা হয়। জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ড যৌথভাবে এ সভা করে। সভায় এবারের ফিতরা জন প্রতি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর জাকাতের নিসাব ১ হাজার ১১০ টাকা রৌপ্য ভরি হিসাবে ৫৮ হাজার ২৭৫ টাকা ধরা হয়েছে।

এ সভায় জেলা ইমাম পরিষদের সহসভাপতি মুহাদ্দিস হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, যশোর জেলা ইমাম পরিষদ ও ফতোয়া বোর্ডের আরেকটি পক্ষ এক যৌথ সভায় ফিতরা নির্ধারণ করেছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ১ কেজি ৬৫০ গ্রাম আটার বাজার মূল্য হিসেবে ৪২ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের বাজার দর ৪৯৫ এবং ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের বাজার মূল্য ৮২৫ টাকা ফিতরা হিসেবে ধার্য করা হয়।

জেলা ইমাম পরিষদের রেলগেটস্থ অস্থায়ী কার্যালয়ে মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে যাকাত ও ফিতরা নির্ধারণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও ফতোয়া বোর্ডের সহ-সভাপতি হারুনুর রশীদ কাসেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *