কক্সবাজারে বাসচাপায় নিহত ১

বিডি নিউজ ৬৪: কক্সবাজার শহরের বাস টারমিনাল এলাকায় বাসচাপায় কিরণ চন্দ্র শীল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিরণ চন্দ্র শীল কক্সবাজার শহরের ঝিলংজা ঘৃতপল্লী এলাকার সিন্ধু মোহন শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কিরণ রামু যাওয়ার উদ্দেশে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চলন্ত একটি বাসে ওঠার চেষ্টা করেন। এসময় তিনি পা পিছলে পড়ে গিয়ে ওই গাড়ির  চাপায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই কিরণের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এসআই আব্দুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *