বিডি নিউজ ৬৪: ইউরোতে এর আগে কখনো খেলেনি ওয়েলস। এবারই প্রথম অংশ নিয়েছে ইউরোপসেরার লড়াইয়ে। ইউরো অভিষেকেই চমকে দিল গ্যারেথ বেলের ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে স্লোভাকিয়াকে, ২-১ গোলের ব্যবধানে।
একই ম্যাচে অবশ্য স্লোভাকিয়ারও অভিষেক হয়েছে। তবে সবার নজর ছিল বেল ও তার দল ওয়েলসের দিকে। নজরকাড়া পারফরম্যান্স করে সবার নজর কাড়লেন বেল। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোলেই লিড পায় ওয়েলস।

খেলার ১০ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল আদায় করে নেন বেল। তার বিদ্যুৎ গতির শট রুখতে ব্যর্থ হয়েছেন স্লোভাকিয়ার গোলরক্ষক। অভিষেক ম্যাচে গোল করার পর বেলের উদযাপনটা ছিল চোখে পড়ার মতোই। ইউরোতে ওয়েন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের মতো স্মরণীয় অভিষেক হলো বেলের।
দ্বিতীয়ার্ধে এসে গোল শোধ দিতে মরিয়া স্লোভাকিয়া সফল হয়েছে। ম্যাচের ৬১ মিনিটে ডুডার গোলে সমতায় ফেরে তারা। তখন মনে হয়েছিল মাচটি হয় ড্র হবে। তবে ওয়েলসের হয়ে শেষ চমকটা উপহার দেন বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা বরসন কানু। ম্যাচের ৮১ মিনিটে স্লোভাকিয়ার জাল কাঁপান তিনি। আর তাতে রোমাঞ্চকর এক জয়ে ইউরোতে স্বপ্নের অভিষেক হয় ওয়েলসের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল