বিপন্নতা কাটাতে নির্বাচনের বিকল্প নেই

বিডি নিউজ ৬৪: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাষ্ট্রে গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে সেখানে নানা ধরনের অনাচার ও অপশক্তির জন্ম নেয়। দেশের এই বিপন্নতা কাটিয়ে উঠতে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের বিকল্প নেই।

তিনি দাবি করেন, গণতন্ত্র ফিরে আসলে দেশ থেকে ধীরে ধীরে সকল অশুভ শক্তি মুছে যাবে এবং শুভ শক্তির উদয় হবে।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন রিজভী।

আন্তর্জাতিকভাবে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য নানা ধরনের প্রচেষ্টারই অংশ এটি। এর জন্য দায়ী সরকার।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একটি সমাজ ও রাষ্ট্রে যখন মানুষের কথা বলা, মতপ্রকাশ, চলাচল ও সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না; তখন সেখানে সব সময় আতঙ্কের একটি বিস্তৃত চেহারা সাধারণ মানুষকে ঘিরে থাকবে। ফলে সেখানে নানা ধরনের অনাচার ও অপশক্তির জন্ম নেবে। দেশের এ বিপন্ন অবস্থার জন্য সরকারের গণতন্ত্রশূন্যতা ও স্বৈরাচারিতা দায়ী।’

রিজভী দাবি করে বলেন, ‘দেশের এই বিপন্নতা কাটিয়ে উঠতে হলে অবিলম্বে সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, ছাত্রদল নেতা মেহবুব মাসুম শান্ত, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *