বিডি নিউজ ৬৪: নরসিংদীতে ট্রাকচাপায় এক জুটমিল কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
শনিবার সকাল ১১টায় সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশ উপজেলার ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের সহ-সমন্বয় কর্মকর্তা মো. রুহুল আমীন (৪৫) ও ভৈরবের কমলপুর এলাকার দিনমজুর সিদ্দিক সরকার (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা মোড় থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পলাশ উপজেলার ঘোড়াশাল যাচ্ছিল। অটোরিকশাটি নগর পাঁচদোনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ জুটমিলের সহ-সমন্বয় কর্মকর্তা মো. রুহুল আমীন। আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর মারা যান দিনমজুর সিদ্দিক সরকার।
এছাড়া আহত আরো দুইজনের মধ্যে গুরুতর অবস্থায় রুবেল মিয়া (২৬) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল