বিডি নিউজ ৬৪: কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ওই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সময়ই ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছিলেন মারিয়া। দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধে ফের পেশিতে চোট পান তিনি। তাই ডি মারিয়াকে নিয়ে চিন্তিত আর্জেন্টিনা শিবির।
পানামার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোপার নকআউটপর্বের খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। খুশির মাঝে দুঃসংবাদ, ডি মারিয়ার এই চোট। ইনজুরি কতটা গুরুতর, তা জানা যাবে স্ক্যান করার পর। তার আগে ভক্তদের মাঝে এমন প্রশ্নই বিরাজ করছে, টুর্নামেন্টের খেলা চালিয়ে যেতে পারবেন কি ডি মারিয়া?
আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসার প্রতীক ডি মারিয়া। ম্যাচের গতি এনে দেন তিনি। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তার অভাবটা ভালোভাবেই টের পেয়েছিল আর্জেন্টাইনরা। পানামার বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলেছেন মারিয়া। দলের প্রথম গোলটিতে অবদান রেখেছেন তিনি। ম্যাচের ৭ মিনিটে দূরপ্রান্ত থেকে অসাধারণ এক পাস দেন ওতামেন্দিকে। সেই পাস থেকে উড়ে আসা বলটি পানামার জালে জুড়ে দেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। তার আতে লিড নিয়ে আত্মবিশ্বাসী বলিয়ান হন মার্টিনোর শিষ্যরা।
খেলার ৪৩ মিনিটে পেশিতে টান পেয়ে মাঠ ছাড়েন ডি মারিয়া। তার পরিবর্তে মাঠে নামেন এরিক লামেলা। চোট গুরুতর না হলেও কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত হওয়ার কারণে আগামী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২৮ বছর বয়সী ডি মারিয়াকে নাও খেলাতে পারেন আর্জেন্টিনার কোচ মার্টিনো।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল