বিডি নিউজ ৬৪: থাইল্যান্ডের শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় রাজধানী ব্যাংককের একটি প্রাইমারি স্কুলের ১১ কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাদের বহনকারী মিনিবাসের একটি টায়ার ফেটে এটি উল্টে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।
শুক্রবার সন্ধ্যায় চোনবুরি প্রদেশের একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসটিতে সবমিলিয়ে ১৫ জন আরোহী ছিলেন। আরোহীরা ছিলেন ব্যাংককের পূর্বাঞ্চলীয় বেসারিকারি প্রাথমিক বিদ্যালয় কুম ক্লাও স্কলার স্কুলের শিক্ষক ও কর্মচারী। রাইয়ং প্রদেশে একটি সেমিনারে যোগদান শেষে ব্যাংককে ফেরার পথে তারা ওই দুর্ঘটনায় পড়েন।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রথমে ভ্যানটির চাকা সজোরে ফেটে যায়। ফলে এটি উল্টে গেলে এতে আগুন ধরে যায়।’ স্থানীয় পত্র পত্রিকাগুলোতে বাসে আগুন ধরে যাওয়ার ছবি ছাপা হয়েছে।
দুর্যোগ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় ৪ জন আহত হয়েছে। স্কুলের এক কর্মচারী জানিয়েছেন, স্কুলের পরিচালক নিজেই গাড়িটি চালাচ্ছিলেন এবং ওই দুর্ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন।
থাইল্যান্ডে সড়কগুলোর বেহাল দশার কারণে প্রায়ই সেখানে মারাত্মক দুর্ঘটনা হয়ে থাকে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষেপে হু কর্তৃক গৃহীত এক জরিপে দেখা গেছে, বিশ্বের বিপজ্জনক সড়কের তালিকায় যেসব দেশের নাম এসেছে তাতে দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। প্রতিবছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২৪শ মানুষ মারা যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল